ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে নিশ্চিত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে, যার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এরপর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করে, সব প্রক্রিয়া সম্পন্ন করার পর ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের পাঠানো ওই চিঠিতে ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব কঠোরভাবে বর্জন করতে বলা হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুততম সময়ে সম্পন্ন করতে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত তালিকার সব কপি কমিশনে জমা দিতে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।
স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত হবে ২৭ আগস্ট
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২০:৫১
১৫ জুলাই ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২০:৫১
সারাবাংলা/এনএল/এনজে