Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার


২১ অক্টোবর ২০২০ ২৩:২২ | আপডেট: ২১ অক্টোবর ২০২০ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কৃষি খাতের জন্য আরও ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে কাতার ও সৌদি আরব থেকে। বাকি ৩০ হাজার মেট্রিক টন কেনা হবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে। সব মিলিয়ে সরকারের খরচ হবে ১৭৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা।

বুধবার (২১ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি আলাদা প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় শিল্প মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুইটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে মোট সাতটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি বা সরকারের তহবিল থেকে ব্যয় হবে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা এবং জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকা।

অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, বৈঠকে বিসিআইসিকে কাতারের মুনতাজাত প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৫৬২ টাকায় এবং সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৫৬২ টাকায় কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৮৭৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালে সংশোধিত)’-এর আওতায় রূপকল্প-৯:২ডি সাইসমিক প্রকল্পের সাতটি লটে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের এক্সপার্ট সার্ভিস গ্রহণের ক্রয়প্রস্তাব। এতে ব্যয় হবে ১৩ কোটি ৭৫ লাখ ৬ হাজার ৫ টাকা।

এছাড়া সভায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পে’ নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোইকে বিদ্যমান চুক্তির সঙ্গে ভেরিয়েশন বাবদ ১৩ কোটি ২৩ লাখ ১১ হাজার ৬৫৫ টাকা যুক্ত করে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।