বরিশাল: বরিশালে ইয়াবাসহ আটক আর্জেন্টাইন জার্সি পরিহিত এক মাদক ব্যবসায়ীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানোর ঘটনায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়।
এর আগে সোমবার (২৯ জুন) বিকেল বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদারকে আটক করা হয়। আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।
পরে এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে ছবি পাঠানো হয়। মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।
বিষয়টি দুষ্টুমির ছলে করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। দায়িত্বশীল পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ‘বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’