ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্ট সাতটি দলকে পাঠানো হয়েছে।’
শোকজ পাওয়া দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫০টি দল অংশ নেয় এবং ১৩ ফেব্রুয়ারি রাতে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনি আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে (১৩ মে) দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ে বিরোধীদল জামায়াতে ইসলামীসহ মাত্র ২৭টি দল হিসাব জমা দেয়।
এর পর বিএনপি ও এনসিপিসহ বাকি ২৩টি দলকে ১৪ জুন পর্যন্ত সময় বাড়িয়ে তাগিদ দেয় ইসি। এই বর্ধিত সময়ের মধ্যে বিএনপিসহ ১৬টি দল হিসাব জমা দিলেও এনসিপিসহ বাকি সাতটি দল তা দিতে ব্যর্থ হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আরপিও’র ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়াতে পারে এবং এর পরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এই প্রেক্ষাপটে ব্যয় বিবরণী জমা না দেওয়ার কারণে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, তার জবাব অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে।