পাবনা: জেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তিন জন। ওই পুকুরে পানি বিদ্যুতায়িত হয়েছিল।
মঙ্গলবার (৩০ জুন) রাতে সদর উপজেলার আতাইকুলা দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক(৩৫) এবং তার স্ত্রী আশা খাতুন(২৫)।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’দিন আগে শবদুল উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শ্বশুর বাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এ জন্য একটি বাঁশের সাহায্যে নেওয়া হয় বৈদ্যুতিক তার।
তিনি আরও জানান, হঠাৎ কখন তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পানি বিদ্যুতায়িত হয়। কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন এদিন রাতে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।