Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী আইনজীবীর ওপর হামলা, মামলা নিতে কাফরুল থানার ওসিকে নির্দেশ


৯ জুন ২০২০ ২৩:১৫ | আপডেট: ১০ জুন ২০২০ ০১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় গোয়েন্দা পুলিশের (এসবি) উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুলিশের হামলার শিকার আইনজীবী ফরহাত জাহান শিরিনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

পরে অ্যাডভোকেট আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, আমি নিজে কাফরুল থানার ওসিকে ফোন করে আইনজীবীর ওপর হামলার ঘটনায় মামলা নিতে বলেছিলাম। কিন্তু ওসি মামলা নেননি। এরপর অ্যাডভোকেট শিরিন হাইকোর্টে রিট আবেদন করেন। আমরা আইনজীবী হিসেবে শুনানি করেছি। আদালত মামলা নিতে ওসিকে নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর ১৩ নম্বরের এ ব্লকের ১০/১ নম্বর লেনের ৫৩/৭ নম্বর বাড়ির জমির মালিক অ্যাডভোকেট ফরহাত জাহান শিরিন ও তার পরিবার। আর এসআই মোস্তাফিজুর রহমান এই বাসার একটি ফ্লাটের মালিক। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের জের ধরে গত ৫ জুন সন্ধ্যায় বাসায় হামলার শিকার হন অ্যাডভোকেট ফরহাত জাহান শিরিন।

অ্যাডভোকেট শিরিনের অভিযোগ, এসআই মোস্তাফিজুর রহমানসহ তার কয়েকজন আত্মীয় ও ১৫/২০ জন লোক নিয়ে গত ৫ জুন সন্ধ্যায় হামলা চালায়। এতে তিনি, তার স্বামী ও সন্তান মারাত্মক আহত হন। ওই ঘটনার পর তিনি কাফরুল থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। উল্টো আপসের কথা বলে সাদা কাগজে সই দিতে চাপ দেন। এ অবস্থায় বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে জানান। এরপর তারা কাফরুল থানার ওসিকে ফোন করে মামলা নিতে অনুরোধ করেন। কিন্তু তিনি মামলা না নিয়ে গড়িমসি করছেন।

এ অবস্থায় অ্যাডভোকেট শিরিন হাইকোর্টে রিট আবেদন করেন। এর শুনানি নিয়ে আদালত ওসিকে মামলা নিতে আদেশ দিলেন।