হিলি: নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এবং জনগণের ওপর নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬৪৪ টাকার প্রাক-প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর কর্মসম্পাদনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পৌর প্রশাসক জর্জ মিত্র চাকমা এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬৪৪ টাকা। অন্যদিকে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৮২ লাখ ৪১ হাজার ৪৫৪ টাকা এবং উদ্বৃত্ত (স্থিতি) ধরা হয়েছে ৪৪ লাখ ৩২ হাজার ১৯০ টাকা। বাজেট ঘোষণাকালে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সকলের স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মসম্পাদনা কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর উপ-প্রকৌশলী মো. হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী মো. সাইফুল ইসলাম, হিসাবরক্ষক মোছা. হাবিবা বেগম প্রমুখ।
হাকিমপুর (হিলি) পৌরসভার প্রশাসক জর্জ মিত্র চাকমা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হয়নি। এছাড়া হিলি স্থলবন্দরের রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।