Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে কেজিতে ১০-১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা

লোকাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৪:০৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০২

পেঁয়াজের বাজার।

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলাহিলি বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে সাধারণ ও স্বল্প আয়ের ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের জোগান থাকলেও দাম বেশ চড়া। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৩০-৩৫ টাকায় বিক্রি হয়েছিল, সোমবার তা বেড়ে ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, পাইকারি বাজারেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে প্রতি মণ পেঁয়াজ যেখানে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় কেনাবেচা হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।

বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা রনি হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ‘এক সপ্তাহ আগেই ৩০-৩৫ টাকা কেজিতে পেঁয়াজ নিলাম। হঠাৎ করে দাম বেড়ে ৪৫-৫০ টাকা হয়ে গেল! অল্প টাকার আয়ে সংসার চালানোই এখন কঠিন। তার মধ্যে এভাবে হঠাৎ নিত্যপণ্যের দাম বেড়ে গেলে আমরা সাধারণ মানুষেরা যাব কোথায়?’

বিজ্ঞাপন

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাবুল হোসেন জানান, বর্তমানে দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে এসেছে। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে তীব্র গরম ও বৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ ধরে রাখছেন, যার কারণে বাজারে সরবরাহ কম। পাইকারিতেই আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আবহাওয়া ভালো হলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর