ঢাকা: করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। এরমধ্যে বাংলাদেশের অবস্থা ৭৪তম। করোনা সংক্রমণে ইউরোপ আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন। এ সময় তিনি করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইনের যোদ্ধাদের ধন্যবাদ জানান।
ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এ সংকটের কালো মেঘ অচিরেই কেটে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের এ দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময়ে বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর রূপ মোকাবিলা করা। আমরা জেনেশুনে যেন এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দেই।’
তিনি বলেন, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলা আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয়েও কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।’
করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনের মৃত্যু নিয়ে বিএনপি মহাসচিব মন্তব্যের জবাবে কাদের বলেন, ‘করোনায় সিলেটের মেধাবী চিকিৎসক ডা. মঈনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তবে এটা খুবই দুঃখজনক যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন।’
মির্জা ফখরুলের প্রতি ওবায়দুল কাদের বলেন, ‘সারা পৃথিবী করোনাভাইরাসে আক্রান্ত। এখানে ধনী, দরিদ্র, বিত্তবান, চিকিসৎসক, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছে না। করোনা এমন একটা ভাইরাস যার সংক্রমণ থেকে কেউ রক্ষা পাচ্ছে না। দেশে দেশে এরইমধ্যে অনেক চিকিৎসক প্রাণ দিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি।’