Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরের ৭ জেলায় জরুরিভিত্তিতে ধান কাটার যন্ত্র বরাদ্দ


৬ এপ্রিল ২০২০ ১৭:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর অঞ্চলের সাত জেলায় ধান কাটার জন্য জরুরিভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারবেস্টর ও ১৩৭টি রিপার সরবরাহ করেছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (৬ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান সংক্রান্ত সমন্বয় কমিটির’ সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

সে সাতটি জেলায় যন্ত্রপাতিগুলো বরাদ্দ করা হয়েছে সেগুলা হলো- কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন

সভায় কৃষি সচিব বলেন, ‘হাওরের বোরো ধান কাটার জন্য আমরা জরুরিভিত্তিতে এসব যন্ত্রপাতি বরাদ্দ করেছি। এর ফলে এ অঞ্চলের ধান কাটায় আর কোন সমস্যা হবে না’।

বর্তমানে হাওরাঞ্চলে ৩৬২টি কম্বাইন হারবেস্টর ও ১০৫৬টি রিপার সচল রয়েছে। এছাড়াও পুরনো মেরামতযোগ্য ২২০টি কম্বাইন হারবেস্টর ও ৪৮৭টি রিপার অতিদ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে ১০০ (একশ) কোটি টাকার কৃষি যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলছে। আগামী জুনের মধ্যে সারাদেশে ৬৪টি জেলায় তিন ক্যাটাগরির কৃষি যন্ত্রপাতি যেমন: কম্বাইন হারবেস্টর, রিপার এবং রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করা হবে। এসব আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার বাড়লে কৃষি উৎপাদন ব্যয় হ্রাস পাবে, ফসলের উৎপাদনশীলতা বাড়বে এবং অপচয় রোধ হবে। পাশাপাশি এর মাধ্যমে কৃষি অধিকতর লাভবান হবে এবং কৃষির বাণিজ্যিকিকরণ ঘটবে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিপালক ড. মো. আবদুল মুঈদ এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।