ঢাকা: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান ব্লাকৃষ্ণন সেখানকার করোনাভাইরাস আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে অবহিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভিভিয়ান ব্লাকৃষ্ণন ফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, সিঙ্গাপুরে পাঁচ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক; তাকে ১৩ দিন ধরে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া আগে থেকে তিনি নিউমোনিয়া ও কিডনির সমস্যায় ভুগছিলেন বলেও জানান।
ভিভিয়ান আরও জানান, সিঙ্গাপুর সরকার করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিয়েছে। এছাড়া অন্যান্য বাংলাদেশি প্রবাসীরা যাতে আক্রান্ত না হয় সে বিষয়েও সিঙ্গাপুর সরকার অত্যন্ত সচেতন।
ড. মোমেন এ সময় সিঙ্গাপুরের চিকিৎসাব্যবস্থা ও উদ্যোগের বিষয়ে বাংলাদেশের আস্থা আছে বলে উল্লেখ করেন।