চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানি পাথর এলাকায় একটি গাছ নিয়ে বিরোধের জেরে জেঠাত ভাইয়ের হাতে খুন হয়েছেন যুবক মোহাম্মদ আবদুল মান্নান (৩৭)। রোববার (২৮ জুন) রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আবদুল মান্নান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জানেপাথর এলাকার কবির আহম্মেদের ছেলে। নিহতের ভাই লোকমান সওদাগর জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) আবদুল মান্নানকে গাছের টুকরো দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে জানি পাথর এলাকার একটি পুকুরে একটি গাছ হেলে পড়ে। স্থানীয়রা বৈঠকে বসে ওই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত দেয়। পরে গাছের মালিকের কাছ থেকে ওই গাছটি কিনে নেয় নিহত আবদুল মান্নান সওদাগেরর ভাই লোকমান।
বৃহস্পতিবার (২৫ জুন) তারা ওই গাছটি কাটতে গেলে তা নিয়ে আবদুল মান্নান ও তার ভাই লোকমানের সঙ্গে তাদের চাচাত ভাই শাহজাহানের ঝগড়া হয়। পরে ঝগড়া মিটে গেলে আবদুল মান্নান জানি পাথর বাজারে নিজের দোকানে চলে যায়। এর কিছুক্ষণ পর বাজারে গিয়ে শাহজাহান একটি কাঠের টুকরা দিয়ে আবদুল মান্নান মাথায় আঘাত করে। এতে তিনি গুরুত আহত হন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, একটি গাছ কাটাকে কেন্দ্র করে হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজারে জেঠাত ভাইয়ের সঙ্গে কয়েকদিন আগে আবদুল মান্নান সওদাগেরর ঝামেলা হয়। তখন তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান ওসি।
ওসি আরও জানান, আহত আবদুল মান্নান সওদাগরকে শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুর পর আবদুল মান্নান সওদাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।