নাটোর: জমি নিয়ে বিরোধের জেরে নাটোর আদালত ভবনে ঢুকে আসাদুল ইসলাম নামের এক আইনজীবীকে মারধর করেছে এক দুর্বৃত্ত। আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলাম আসাদের শেরেস্তায় এ ঘটনা ঘটে।
আহত আসাদুল ইসলাম আসাদ নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সভাপতি ও জিপি পদে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী এলাকায় একটি জমি নিয়ে কাবিল উদ্দিন নামের একজনের সঙ্গে বিরোধ চলছিল আইনজীবী আসাদুল ইসলামের। সম্প্রতি বিরোধপূর্ণ জমিটি নিয়ে নিষেধাজ্ঞার আবেদন জানান আইনজীবী আসাদুল ইসলাম।
আদালত আবেদনটি মঞ্জুর করলে ক্ষিপ্ত হন কাবিল উদ্দিন। পরে সোমবার দুপুরে নাটোর জজকোর্টে আইনজীবী আসাদুল ইসলামের সেরেস্তায় এসে বাকবিতণ্ডায় জড়ান কাবিল উদ্দিন।
একপর্যায়ে আইনজীবী আসাদুল ইসলামকে লাঠি দিয়ে মারপিট করেন তিনি। এ সময় অন্য আইনজীবী ও সহকারীরা তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ‘আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।’