Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১২:৪৯ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৯

প্রতীকী ছবি।

নওগাঁ: নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে তার পরিবারে প্রায়ই ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তির কারণে বছরখানেক আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়।

পরে সুমন রাগ করে রোববার দিবাগত রাত ১২টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরও রেগে যান সুমন। একপর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর