ঢাকা: বাংলাদেশে তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি জোরদার করার পাশাপাশি একটি আস্থাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার, গণমাধ্যম, প্রযুক্তি প্ল্যাটফর্মসহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ইনফরমেশন ইন্টেগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউএনডিপি বাংলাদেশ ও তার সহযোগীরা জার্মান সরকারের সহায়তায় এই সংলাপের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের দ্রুত ডিজিটাল রূপান্তর সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি, শিক্ষা ও সরকারি সেবা গ্রহণসহ নানা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে একটি সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক তথ্য ব্যবস্থা গড়তে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা জরুরি। অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর অপপ্রচারের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা শুধু একক কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়; এজন্য প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নাগরিক ও সুশীল সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি নিরাপদ, বিশ্বস্ত ও জবাবদিহিতামূলক ডিজিটাল তথ্য পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশু ও তরুণদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের ওপর জোর দেন তিনি।
সংবাদ সংস্থানে যুক্ত হয়ে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের এই সময়ে বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে। ভুয়া তথ্যের বিস্তার রোধে নৈতিক সাংবাদিকতা বজায় রাখা এবং ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থাপিত ইউএনডিপি বাংলাদেশের এক বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে পর্যালোচনা করা অনলাইন কনটেন্টের অর্ধেকেরও বেশি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ধারণ করেছে। এছাড়া প্রায় এক-পঞ্চমাংশ কনটেন্টে এআই-নির্ভর কারসাজির অস্তিত্ব পাওয়া গেছে, যা ডিজিটাল জগতের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে।
উক্ত নীতি সংলাপে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ), বিটিআরসি, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।
ডিজিটাল মাধ্যমে তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৯:৫২
১৮ আগস্ট ২০২৬ ১৯:৫২
সারাবাংলা/এনএল/এসআর