সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টা থেকে কলেজের শহীদ বরকত মিলনায়তনের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কে হিতৈষী ৫.০ দলের পক্ষে অংশ নেন সারজিস হোসেন, রাকিব হাসান, উর্মি আক্তার ও অংক। অপরদিকে ‘অংক মিলে না’ দলের পক্ষে বিতর্কে অংশ নেন মো. মাছুদ, সামিয়া ইসলাম কথা ও আমিরুল ইসলাম।
চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল, এই সংসদ প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগ অনুমোদন করবে। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক শেষে গণিত বিভাগের ‘অংক মিলে না’ দল বিজয়ী হয়। পাশাপাশি সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন সামিয়া ইসলাম কথা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান, গনিত বিভাগের অধ্যাপক এমডি রফিকুল ইসলাম, বিতর্ক ক্লাবের সভাপতি ইমরান হোসাইন ইমরুসহ একঝাঁক উদীয়মান তরুণ বিতার্কিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন বলেন, মানবসৃষ্ট সুন্দর কাজগুলোর মধ্যে বিতর্ক অন্যতম। বিতর্ক শুধু কথার ওপর কথা বলা নয়; বরং যুক্তির ওপর যুক্তি উপস্থাপন করা। প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া এবং কোনো যুক্তি ভিন্নদিকে চলে গেলে সেটিকে পুনরায় মূল প্রসঙ্গে ফিরিয়ে আনা। এর জন্য প্রচুর পড়াশোনা, জ্ঞানার্জন ও বিভিন্ন বিষয়ে নিজেকে তথ্যসমৃদ্ধ রাখতে হয়।
তিনি আরও বলেন, বিতর্ক মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তাশক্তিকে আরও সুন্দরভাবে জাগ্রত ও বিকশিত করে। যুক্তিতর্কের মাধ্যমে নিজের ভুল বুঝতে পারলে তা সংশোধন করা এবং ভালো বিষয়কে গ্রহণ ও খারাপ বিষয়কে বর্জন করার শিক্ষা পাওয়া যায়। আর এই শিক্ষাই মানবজীবনের অন্যতম বড় শিক্ষা।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর এম. এম. আতিকুজ্জামান বলেন, আজকের অনুষ্ঠানে এসে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমার সন্তানেরা বিতর্কের মাধ্যমে নিজেদের যুক্তি ও বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। বিতর্ক মানুষকে সঠিক তথ্য ও যুক্তি যথাযথভাবে উপস্থাপনের দক্ষতা অর্জন করায়। একজন ভালো বিতার্কিক জীবনের নানা ক্ষেত্রে সফল হতে পারে, এটি আমার বিশ্বাস। যারা বিজয়ী হয়েছে, তাদের প্রতি রইল শুভকামনা। তবে শুধু কলেজ পর্যায়ে সাফল্য অর্জন করলেই হবে না; জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে, এটাই আমার প্রত্যাশা। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
ক্লাবটির সভাপতি ইমরান হোসাইন ইমরু বলেন, আমরা মনে করি, শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আজকের পুরো আয়োজনটি সফল হয়েছে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তিতুমীর কলেজকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে আরও বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও সেরা বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।