Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১৫:৫৭

জামালপুর: জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর চারটায় জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম একে এম ছামিউল হক। তিনি জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তিনি ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন। তিনি একটি প্রাইভেটকারে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে প্রাইভেটকার ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। গুরুতর আহত হন চালক ইদ্রিস আলী।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে।