ঢাকা: আগস্ট মাসের জন্য বিমান জ্বালানি জেট এ-১-এর মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসমুক্ত জেট এ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা। একই সঙ্গে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসমুক্ত জেট এ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১.০৩৮ মার্কিন ডলার।
রোববার (৯ আগস্ট) বিইআরসির সচিব মো. নাজমুল হাসান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৫) অনুযায়ী কমিশন জেট এ-১-এর মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর মূল্য, প্ল্যাটস রেট, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং জেট ফুয়েল পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়েছে।
বিইআরসি জানায়, আগস্ট মাসের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৫ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের প্রকাশিত প্ল্যাটস রেট, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং দেশের অভ্যন্তরে জেট এ-১ পরিবহনের চার্জ বিবেচনা করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট সময়ে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর মূল্য এবং অন্যান্য ব্যয়ের পরিবর্তনের ভিত্তিতে আগস্ট মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন মূল্য ৯ আগস্ট ২০২৬ রাত ১২টা থেকে কার্যকর হবে। অর্থাৎ ৯ আগস্ট রাত ১২টার পর থেকে সংশোধিত মূল্য অনুযায়ী জেট এ-১ বিক্রি ও সরবরাহ কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেট এ-১-এর মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং কমিশনের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।