চট্টগ্রাম: প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে টিনের ছাউনি দেওয়া নতুন ঘরের চাবি তুলে দেন।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় গিয়ে সরকারপ্রধান ঘরের চাবি দেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখান একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উল্লেখ্য, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ৭ জুলাই থেকে বাঁশখালীসহ চট্টগ্রামের কয়েকটি প্রত্যন্ত ও নিচু এলাকা প্লাবিত হয়। বন্যায় ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হন। বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়ির উদ্দেশে রওনা হন।
ফটিকছড়িতে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শন এবং হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিউর রহমান রুমন।