ঢাকা: রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করি রাজনীতি সর্বক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। এর মাধ্যমেই গণতন্ত্র তার স্বাভাবিক গতি এবং সুস্বাস্থ্য ফিরে পাবে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা ও একে আরও শক্তিশালী করতে জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনে ১১ দলীয় জোটের সর্বসম্মত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে, অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।