Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি পাসপোর্টের মানের ‘অবনমন হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৮:০৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি- বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, ভিসা সমস্যার সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া সম্পর্কিত। এছাড়া আবেদনের ক্ষেত্রে জাল তথ্যও ভিসা জটিলতার একটি কারণ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি। আমরা সাড়ে চার মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।

বিজ্ঞাপন

ভিসা বন্ধ থাকার বিভিন্ন কারণ আছে- উল্লেখ করে তিনি বলেন, এগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে গত দুই তিন সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি। ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ভিসা বাতিলের কারণ হিসেবে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বাংলাদেশিরা বৈধপথে বিদেশে যেতে না পেরে অবৈধ উপায় অবলম্বন করেন। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়েন, তাদের ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এরকম উদাহরণ আছে।

সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনায় এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে ভিসা সমস্যা দ্রুত সমাধান করা যায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি; এগুলো একদিন যাবে না।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর