Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটির দিনে ঢাকার বাতাস ‘মাঝারি’ মানের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১২:০৩

ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। অন্যদিকে সুইজারল্যান্ডভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, বায়ুর মান সূচকে ৯৬ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৭তম স্থানে, যা পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রকাশিত সূচক অনুযায়ী, তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং ১৮০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকায় চতুর্থ স্থানে বাহরাইনের মানামা এবং ১৫৭ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ ও ভারতের রাজধানী নয়াদিল্লি। শীর্ষ দশের তালিকায় থাকা অন্যান্য শহরের বায়ুর মান সূচক ১২০ থেকে ১৫১-এর মধ্যে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আইকিউ এয়ারের নির্ধারিত মানদণ্ড অনুসারে, বায়ুর মান সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ থাকলে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বাতাস ক্ষতিকর অবস্থায় পৌঁছালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যান্যদের বাইরের শারীরিক কর্মকাণ্ড সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর