Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের দিয়ে বাথরুম পরিষ্কার করাতে চান স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক!

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৬:৪৩

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী

ঢাকা: দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এই বক্তব্যের কিছুক্ষণ পর পোস্টটি নিজের আইডি থেকে মুছে ফেলেন সরকারি এই কর্মকর্তা।

পোস্টে স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা বলেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্ত সাংবাদিকদেরকে বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার, পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত, অন্তত এক অর্থবছরের জন্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যদি তারা সফল হোন, তাহলে তাদেরকে স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ, যে ভালো পারবে, তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি।’

পোস্টের স্ক্রিনশট

এ বিষয়ে যোগাযোগ করা হলে আহমদ শাফী বলেন, ‘যেহেতু আমরা পারছি না, এরকম একটা আলোচনার জায়গা হতে পারে কিনা সেটা বলেছি। বাথরুমগুলো কেন এরকম, কেউ তুলে ধরছে না। দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। সাংবাদিকরা পুরো তথ্যটা তুলে ধরে না। ডাক্তাররা, ব্যবস্থাপকরাই দায়ী বলে তুলে ধরা হচ্ছে।‘

সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে জানানো হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘এটা খুবই খারাপ করেছে। আমি একটা বৈঠকে আছি। আপনি তার তথ্য আমাকে পাঠিয়ে দেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর