Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: ব্যারিস্টার বাদল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৭:০৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২২:০০

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকা: জামায়াতপন্থি ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকে রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার একটি প্রচলিত রীতি রয়েছে। অতীতেও নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই অনেক আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি পদত্যাগ করা কর্মকর্তারা কয়েক মাস ধরে দায়িত্ব পালন করেছেন এবং এ সময়ে সরকারের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। পরে পদত্যাগের সময় রাজনৈতিক বক্তব্য সামনে আনা অনাকাঙ্ক্ষিত এবং তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তার কাছে মনে হয়েছে।’

বিজ্ঞাপন

ব্যারিস্টার বাদল দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় সরকারের স্বার্থ যথাযথভাবে রক্ষা করেছেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তার মতে, তারা যে অভিযোগ উত্থাপন করেছেন, তা ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্রভাবিত।

তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত কয়েক মাসে এসব কর্মকর্তার পরিচালিত মামলার নথিপত্র পর্যালোচনা করে তাদের কার্যক্রম মূল্যায়ন করা উচিত।

সারাবাংলা/টিএম/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর