ঢাকা: হাসপাতালে শয্যা খালি না থাকলেও হাম ও হামের উপসর্গের কোনো রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা বলা হয়েছে, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে কেবল জটিল ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার্ড করা যাবে।
রেফার্ডের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় নিতে হবে। চিঠিতে দেশের সব সরকারি হাসপাতালকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।