ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য শনিবার (৬ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জুলাই আন্দোলনে এনসিপি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের অভিনন্দন জানান।
এ সময় এনসিপি নেতারা রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সংকটের টেকসই সমাধানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করা হয়।
এনসিপি প্রতিনিধিদল বাংলাদেশ ও তুরস্কের তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নভিত্তিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত।