Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:০৪

কক্সবাজার: বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া বেশ কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। তখন আরাকান আর্মির সদস্যরা আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলেসহ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা জরুরি।’

বিজ্ঞাপন

এরআগে শনিবার (২৩ আগস্ট) দুপুরে একই এলাকা থেকে আরও ১২ জেলেসহ একটি নৌকা ধরে নিয়ে যায় এ গোষ্ঠী। এছাড়া গত ৫ ও ১২ আগস্ট দুই দফায় নাফ নদী থেকে মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২২৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল যে ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর