কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিতে অবস্থান করছেন। প্রকাশ্যে সংঘটিত এ হামলায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু ও ওলা মিয়ার ছেলে বাবু তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রমিজ উদ্দিন গুরুতর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।