Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৬:০৯

হাইকোর্ট।

ঢাকা: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত। গত বৃহস্পতিবার অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। ফলে তাদের স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে। তবে এ কারণে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন না।

রিটকারী পক্ষের দাবি ছিল, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ৭০ নম্বর অনুচ্ছেদের সাংবিধানিক বৈধতা বিচারিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতেরও আবেদন জানানো হয়।

তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বহাল থাকছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর