Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ শ্রমিকের মৃত্যু ঘটনায় ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ০০:২২

ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

শনিবার (১৫ আগস্ট) এ সিদ্ধান্ত হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার নিশ্চিত করেন। তিনি জানান, এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শফিউল আলম বলেন, ‘শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।’

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ওই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে নয় শ্রমিক মারা যান।

দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে। ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়। হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর প্রথমে মালিকপক্ষ উদ্ধার কাজ চালাচ্ছিল। ফায়ার সার্ভিস, পুলিশ বা অন্য কোনো উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া হয়নি। এক পর্যায়ে স্থানীয় লোকজন জোরপূর্বক ঢুকে প্রথমে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু উদ্ধার করতে গিয়ে স্থানীয় লোকজনও অসুস্থ হয়ে পড়েন। তার আগে উদ্ধার করতে যাওয়া শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুর ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ভাটিয়ারির ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের দুর্ঘটনায় বিষয়ে নিহতের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা হয়নি।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর