ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ও দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে— ১৯ আগস্ট বুধবার সকাল ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৯ আগস্ট দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। পরদিন ২০ আগস্ট বৃহস্পতিবার থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।