Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ, অভিযোগ বিএনপি-যুবলীগ নেতাদের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৩:০০

উন্নয়নকাজের অধীনে থাকা ওই রাস্তাটি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চাঁদা না দেওয়ায় এডিবির অর্থায়নে চলমান একটি রাস্তার উন্নয়নকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঠিকাদারের কর্মীদের মারধর এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্থার অভিযোগও পাওয়া গেছে। অভিযোগ উঠেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ঠিকাদার আলী হোসেন জীবননগর থানায় একটি এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে এডিবির আওতায় কৃষ্ণপুর গ্রামের রবিউলের বাড়ির পাশ থেকে চোরাকাটা মাঠের অভিমুখে ১৮৮ দশমিক ৫৭ মিটার দৈর্ঘ্য এবং ২ দশমিক ৭৫ মিটার (৯ ফুট) প্রস্থের একটি রাস্তা নির্মাণের দায়িত্ব পায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর বদরগঞ্জের মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করছেন আলী হোসেন। কাজ শুরুর আগে নির্মাণসামগ্রী হিসেবে রাস্তায় ইট ও বালু ফেলা হয়।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, কাজ চলাকালে কৃষ্ণপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান (৩৫), একই গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে ও রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ (৪৫), আয়ুব খানের ছেলে ও যুবলীগ নেতা তুহিন হোসেন (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন মিলে প্রধান মিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মিস্ত্রিদের মারধর করেন এবং চলমান কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে মিস্ত্রিদের গাছের সঙ্গে বেঁধে রাখারও হুমকি দেওয়া হয়।

পরে ঠিকাদার ঘটনাস্থলে গেলে বিষয়টি জানতে সাংবাদিকেরা সেখানে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তাদের ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ ওঠে।

জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির (অনলাইন) প্রতিনিধি রিপন হোসেন বলেন, ‘চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধের খবর পেয়ে আমরা তিনজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যাই। সেখানে সংবাদ সংগ্রহকালে আনিসুর রহমান, হারুন-অর-রশীদ ও তুহিনের নেতৃত্বে কয়েকজন মব সৃষ্টি করে আমাদের সঙ্গে দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি করে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘কৃষ্ণপুরে রাস্তার কাজে চাঁদা দাবীর অভিযোগে আলী হোসেন নামে এক ঠিকাদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর