Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৭:১৮

ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশ।

ঢাকা: নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ছাত্র জমিয়ত আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

রিদওয়ান মাযহারী বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদেরই কেউ কেউ বিভাজনের রাজনীতি করছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ক্যাম্পাসকে অশান্ত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ছাত্রলীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা রাজপথে লড়াই করেছেন। এখন একই ধরনের আধিপত্যবাদী আচরণ অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে এলে ছাত্র জমিয়ত তারও বিরোধিতা করবে।’

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে। ছাত্রদল ও ছাত্রশিবিরের কেউ কেউ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা অতীতে ছাত্রলীগের ভূমিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ই ক্যাম্পাসে দখলদারিত্ব, সন্ত্রাস কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করার লাইসেন্স হতে পারে না।’

ছাত্রসংগঠনগুলোর প্রতি পারস্পরিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনকে সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতির অবসান। নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

সমাবেশ শেষে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বায়তুল মুকাররম ও পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর