চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে কৃষিজমিতে সেচকাজের নলকূপের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। পরে খুঁটিতে থাকা ট্রান্সফরমার পরীক্ষা করে দেখা যায়, প্রতিটি ১০ কেজি ওজনের মোট ৩০ কেজি তামার কয়েল এবং ভেতরের তেল চুরি করা হয়েছে।
এ ঘটনায় তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আবু জাফর বিশ্বাস। একই দিন ওই মাঠের অপর একটি সেচ পাম্পের ম্যানেজার আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামার তার ও তেল চুরির বিষয়ে জানান।
পরে আবু জাফর বিশ্বাস বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
ওসি সোলায়মান শেখ বলেন, ‘গ্রেফতার হওয়া চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।’
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ জেলার চাষিড়ি থানার মরহুম আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খার ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াবাড়িয়া গ্রামের মরহুম মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।