ফাইনালের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জেগেছে শঙ্কা। এই বছরের শেষেই আর্জেন্টিনাকে বিদায় বলবেন কোচ লিওনেল স্কালোনি, ধারণা করা হচ্ছে এমনটাই। তবে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়া। সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন এএফএ প্রধান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্কালোনিই তার কাছে একমাত্র বিকল্প এবং তিনিই তার ‘প্ল্যান এ, বি এবং সি’।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটাতে চাচ্ছেন তাপিয়া। সাক্ষাৎকারে আলবিসেলেস্তে কোচ সম্পর্কে তাপিয়া বলেন, ‘আমি গ্রিঙ্গোকে (স্কালোনি) খুব ভালোবাসি। সে বিশ্বকাপে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সবারই একটা বিরতির প্রয়োজন হয়। আমরা সবাই চাই সে দায়িত্বে থাকুক। তার সঙ্গে আমাদের আলোচনা অনেক দূর এগিয়েছিল। আমি বিশ্বাস করি আমরা তাকে বোঝাতে পারব।’
কাতার বিশ্বকাপের আগেও স্কালোনি ছিলেন অখ্যাত এক কোচ। কিন্তু তার অধীনেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে হয়েছে রানার্সআপ। স্কালোনি যদি আট বছরের দীর্ঘ এই যাত্রার ইতি টানতে চান, সেক্ষেত্রে এএফএ কোনো বিকল্প ভাবছে কিনা- এমন প্রশ্নে তাপিয়া বলেন, ‘আমার পরিকল্পনা বা বিকল্প বলতে কিছু নেই। আমার প্ল্যান এ, বি এবং সি-ই হলো স্কালোনি। এএফএ প্রধান হিসেবে সম্ভবত আমার সবচেয়ে বড় সাফল্য ছিল সঠিক মানুষটিকে বেছে নেওয়া এবং তার পাশে অবিচল থাকা।’
২০১৮ সালে সাম্পাওলির কোচিং স্টাফ থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে সোনালী অধ্যায় রচনা করেছেন স্কালোনি। তার কোচিংয়েই লিওনেল মেসিকে সামনে রেখে বিশ্বকাপ ছাড়াও ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনাসিলিমা জিতেছে আর্জেন্টিনা। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তি।
বিশ্বকাপের পর এখন পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু স্পষ্ট করেননি স্কালোনি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর (৩টি) ও ৯ থেকে ১৭ নভেম্বরের (২টি) মধ্যে এএফএর প্রীতি ম্যাচের সূচি রয়েছে। এই ম্যাচগুলোতে দল পরিচালনা করবেন স্কালোনিই। এই আন্তর্জাতিক বিরতিগুলোর মাঝেই কোচের সঙ্গে সরাসরি বৈঠক করে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তাপিয়া।