Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়বে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২১:৫০ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২৩:৫৮

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরতে ছাত্রশিবিরের মাসব্যাপী উদ্যোগ প্রশংসনীয়। শিশু থেকে তরুণ— সবাইকে জুলাই আন্দোলনের ইতিহাস জানাতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ডকুফিল্ম প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দেবে বলে তিনি আশা করেন। এ সময় সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমরা তা চাই না, কারণ আপনারাও মজলুম ছিলেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘সারাদেশে ছড়িয়ে থাকা জুলাই আন্দোলনের দলিল, স্মৃতি ও তথ্য সংগ্রহ করে প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।’

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চলছে। বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারী বা দমনমূলক শাসন মেনে নেয় না। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।’

অনুষ্ঠানে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ‘গ্রামের চোখে জুলাই’ ডকুফিল্মের জন্য নোয়াখালীর মাহমুদ এইচ এম প্রথম স্থান অর্জন করেন। তিনি পুরস্কার হিসেবে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পান।

‘জুলাইয়ের ছিটেফোঁটা’ দ্বিতীয়, ‘দ্রোহের জুলাই’ তৃতীয়, ‘বুলেটের বৃষ্টি পেরিয়ে’ চতুর্থ এবং ‘দ্য সাইলেন্ট ইকো’ পঞ্চম স্থান অর্জন করে।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর