Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকার এনবিআরকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৩:২১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ২০:০০

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: বর্তমান সরকার এনবিআরকে একটি জনবান্ধব ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এই সম্মেলনে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব আহরণে সরকারের সব উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের সফলতা এনবিআরের কার্যক্রমের ওপর অনেকাংশেই নির্ভরশীল। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার বক্তব্যে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। এ লক্ষ্যে সরকার গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে। করদাতাদের মনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজস্ব আহরণ শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং এটি একটি আস্থার সম্পর্ক। কর প্রদান পদ্ধতিকে দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করার জন্য নির্দেশনা দেন।

ডিজিটাল অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের ওপর তিনি জোর দেন। তিনি বলেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় করা নয়, বরং বেশিসংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একই করদাতার ওপর বারবার করের বোঝা না চাপিয়ে নতুন সক্ষম ব্যক্তিদের করের আওতায় আনার কার্যকর উদ্যোগ নেওয়ার কথা তিনি বলেন। ভ্যাট প্রশাসনের জটিলতা যেন ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি না করে, সেটি নিশ্চিত করার জন্য তিনি রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রাজস্ব আহরণের ইতিবাচক ধারা প্রমাণ করে এনবিআর কর্মকর্তারা সক্ষম। তিনি বলেন, দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাজস্ব সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর