Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‌্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২১:২১

র‌্যাবের সাবেক এডিসি মো. মাসুদুর রহমান মনির। ছবি: সংগৃহীত

ঢাকা: র‌্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি র‍্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। বুধবার (১৫ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র‍্যাব-৮-এর অধিনায়ক একই দিনে র‍্যাব সদর দফতরকে অবহিত করেন।

পরে তার অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর স্বাক্ষরিত ১০ দিনের ছুটির একটি আবেদনপত্র পাওয়া যায়। এ ছাড়া তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদনও পাঠান। তবে বিধি অনুযায়ী আবেদনগুলো গ্রহণযোগ্য না হওয়ায় সেগুলো অনুমোদিত হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০২৫ সালের ১৭ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। পরে একই বছরের ২২ জুন সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি কোনো জবাব দেননি।

এরপর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলে ২০২৬ সালের ৮ জানুয়ারি দাখিল করা তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সেটিরও কোনো জবাব দেননি।

পরবর্তীতে তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।

এর পরিপ্রেক্ষিতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি চলতি বছরের ১৩ জুলাই তাকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে মো. মাসুদুর রহমান মনিরকে তার পলায়নের তারিখ ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর