ঢাকা: জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতেই গ্রেফতার দেখানোর আবেদন শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম আদালতকে জানান, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় আর্থিক সহায়তা করার বিষয়ে আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতকে অবহিত করেন তিনি।
এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে। পরদিন ২ অক্টোবর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় গত ১৮ আগস্ট গুলশান থানার এ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। ওইদিন আদালত শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় একই বছরের ১১ ডিসেম্বর জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।