Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, মালয়েশিয়া-বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ১ মে ২০২৬ ১৭:২৮

ঢাকা: গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া-বাংলাদেশসহ ১২টি দেশ। আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাবাহী জাহাজে হামলা এবং কর্মীদের আটকের ঘটনাকে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ জানিয়েছে, এক যৌথ বিবৃতিতে মালয়েশিয়া, তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা এবং মানবিক সহায়তাকর্মীদের অবৈধভাবে আটক করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

বিজ্ঞাপন

বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো ফ্লোটিলায় থাকা বেসামরিক কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক দায়িত্ব পালন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং এসব লঙ্ঘনের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি বেসামরিক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য গাজায় চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত এই বহরটি গাজায় সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করছিল।

গত ২৯ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলাটিকে আটকে দেয়। এতে বিভিন্ন দেশের মোট ১৭৫ জন কর্মীকে আটক করা হয়, যার মধ্যে ১০ জন মালয়েশিয়ানও রয়েছেন বলে জানিয়েছে বারনামা।

বারনামা আরও লিখেছে, সুমুদ নুসান্তারা কন্ট্রোল সেন্টার (এসএনসিসি) জানিয়েছে, আটককৃতদের ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল এই ঘটনার দ্রুত সমাধান এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর