কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় গাড়িতে থাকা এমপির চাচার পা কেটে যায় এবং আমির হামজা মাথায় আঘাত পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ছয় রাস্তার মোড়ে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে সেটিতে হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর সাতজন এবং গণঅধিকার পরিষদের তিনজন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, ‘আমির হামজা গণঅধিকার পরিষদকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে আমরা ছয় রাস্তার মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম।’
হামলার বিষয়ে এমপি মুফতি আমির হামজা বলেন, ‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কর্মসূচিতে ছিলাম। সেখান থেকে ফেরার পথে খবর পাই, আমার বাবা-মাকে নিয়ে গালাগালি করা হচ্ছে। পরে সদর থানার ওসির গাড়ির পেছনে গাড়ি নিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে লাঠি ও হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে আমার চাচার পা কেটে যায় এবং আমি নিজেও মাথায় আঘাত পাই।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’