ঢাকা: সবাইকে সাথে নিয়ে বর্তমান সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত ও চরম অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে।
অতীতে বিভিন্ন কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে মাত্র তিন বছরের মধ্যে দুর্ভিক্ষপীড়িত দেশকে খাদ্য রফতানিকারক দেশে পরিণত করেছিলেন। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারও বর্তমানের ভঙ্গুর অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে।
সাবেক সরকারের আমলের সমালোচনা করে চিফ হুইপ বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দিয়ে কয়েকটি জাতীয় বাজেট দেওয়া সম্ভব ছিল। স্বৈরাচার শুধু মানুষের বাকস্বাধীনতাই কেড়ে নেয়নি, সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে মানুষের আশা ও স্বপ্নকেও নষ্ট করেছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণের খাদ্যের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
গত সাড়ে ৫ মাসে বর্তমান সরকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে এনেছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর সর্বাত্মক সহযোগিতা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অভিনেতা বাবুল আহমেদসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।