ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, এরই মধ্যে ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রচলিত বিধান-জিপিএ স্কোর ও শিক্ষার্থীর চাহিদার ভিত্তিতে আসন বরাদ্দ হবে। ১৫ সেপ্টেম্বর ভর্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। কবে থেকে ক্লাস শুরু হবে সেটা আজই জানানো হবে।
আক্তারুজ্জামান আরও বলেন, উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ২০২৬ সালে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা ২০২৫ সালের তুলনায় আরও বেশি সংখ্যক শূন্য থাকবে। মোট আসন সংখ্যা প্রায় ২৫ লাখ।
তিনি বলেন, গত বছর এর মধ্যে পূরণ হয়েছিল ৫৮ দশমিক ৭ শতাংশ আসন, শূন্য ছিল ৪১ দশমিক ৩ শতাংশ। এ বছর পাসের হার আরেকটু কমেছে, সে ক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য থাকবে।
এর আগে, সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবছর সব বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম।