Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাল-জালিয়াতি ও প্রতারণা মামলায় আতিক উল্লাহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২২:৫৮

মো. আতিক উল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাল জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে ঢাকার কাফরুল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. আতিক উল্লাহকে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সাঁতারকুল এলাকা থেকে আতিক উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাসিরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাফরুল থানা সূত্রে জানা যায়, বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এক গ্রাহক জমি বুঝে না পাওয়ার অভিযোগে হাবিবুল হক সরকার (ফুল সরকার), মোস্তাফিজুর রহমান (মানিক), আতিক উল্লাহ ও আহসান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। মামলাটি ২০২০ সালের নভেম্বর মাসে ১৬(১১)২০ নম্বরে দায়ের করা হয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। পরবর্তী সময়ে আদালত আতিক উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আতিক উল্লাহ ও তার ছেলে আহসান উল্লাহ কোম্পানির জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সুযোগে জমির দলিল ও মালিকানা নিয়ে অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে গ্রাহকের জমি অন্যত্র বিক্রি, কোম্পানির জমি নিজেদের নামে নেওয়া এবং জাল দলিল ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ রয়েছে, আতিক উল্লাহ, আহসান উল্লাহ ও তাদের সহযোগীরা বিডিডিএল নতুনধারা হাউজিংসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির জমি জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিক্রি ও দখল করে শত কোটি টাকার মালিক হয়েছেন।

এসব অভিযোগে বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। কয়েকটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর