ঢাকা: পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
মঙ্গলবার (২৮ বিকেলে) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম আলমগীর এসব কথা জানিয়েছেন
তিনি বলেন, ,সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।
পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
তিনি বলেন, কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।