Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে ১০টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চবি করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:৩০

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দুটি বাস শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। চুক্তিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া সই করেন।

ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের আলোচনায় ছয়টি বাস দেওয়ার কথা থাকলেও সোমবারের বৈঠকে আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। ফলে মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাসগুলো যুক্ত হলে যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ফাউন্ডেশনের এ উদ্যোগকে জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দফতরের প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা /এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর