Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব: বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১৯:৪৭

বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

ঢাকা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি নৌকা বাইচের দল অংশ নেয়। নৌকা বাইচ শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে, দুপুর থেকেই নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীর বুকে উপস্থিত হন অনেকে। মানুষের উচ্ছ্বাস ও নৌকার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদী পরিণত হয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের মিলনমেলায়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌ-চলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।’

তিনি নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও দেন।

এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।’

তিনি আরও বলেন, ‘এই উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।’ এ ছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষা ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়া ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।