Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৫:৪০

কাস্টমস হলে উদ্ধার হওয়া সোনা।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮১২ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

সোমবার (১০ আগস্ট) এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহজনক একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গাড়িটি থেকে তিনটি মোবাইলফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দু’টি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি করা হয়। কাস্টমস হাউস, ঢাকার সোনা পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা সোনার মান ২৪ ক্যারেট পাওয়া যায়। এর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। উদ্ধার হওয়া সোনার মোট আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এ ঘটনায় গাড়ির চালক মো. শামীম মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর