ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরচালিত ভ্যানগাড়ির ধাক্কায় জুনায়েদ নামের দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।
রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় নতুন রাস্তা এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জুনায়েদের বাবা জামির হোসেন জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন পাটওয়ারীর হাট গ্রামে। বর্তমানে কাজলারপাড় নতুন রাস্তায় ভাড়া বাসায় থাকে। ঘটনার সময় বাসার সামনে খেলছিল জুনায়েদ। হঠাৎ দৌড়ে প্রধান রাস্তায় চলে আসে। তখনই ভাঙারি মালবোঝাই মোটরচালিত একটি ভ্যানের চাকা তার উপর দিয়ে উঠে গেলে গুরুতর আহত হয় শিশুটি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলর জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।