সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।
দণ্ডিতরা হলেন- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের শাহাদত হোসেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত ছানোয়ার হোসেনের সঙ্গে হীরা মানিকের বন্ধুত্বের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সুবাদে হীরা মানিক তার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে ছানোয়ারকে ডেকে নেওয়ার পর তিনি নিখোঁজ হন। ৪দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে আসামি করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।